চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান, মারধরের অভিযোগ

Jun 24, 2025 - 20:23
Jun 24, 2025 - 20:47
চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান, মারধরের অভিযোগ

ঘিওরে কম্পিউটার দোকানে হামলা: চাঁদার দাবিতে দোকানদারকে মারধরের অভিযোগ।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদর বাজারে চাঁদা না দেওয়ার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে নাসিম ভূঁইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে ‘মানিক কম্পিউটার’ নামের একটি দোকানে।

ভুক্তভোগী ব্যবসায়ী আলী আজম মানিক ঘটনার পরপরই ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়া সত্ত্বেও এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ অনুযায়ী, নাসিম ভূঁইয়া প্রায় সময়ই আলী আজম মানিকের দোকানে বিভিন্ন ব্যক্তিগত কাগজপত্র বা কম্পিউটারের কাজ করাতে আসতেন। তবে প্রতিবার কাজের টাকা পুরোপুরি পরিশোধ না করেই চলে যেতেন। যখন দোকানদার পাওনা টাকা চাইতেন, তখন নাসিম উল্টো তাকে ভয়ভীতি দেখিয়ে ব্যবসা গুটিয়ে ফেলতে বলতেন এবং চাঁদার চাপ দিতেন বলে অভিযোগ।

ঘটনার দিন রাতেও, জরুরি একটি কাজের জন্য দোকানে যান নাসিম। কিন্তু তখন দোকান মালিক অন্য কাস্টমারের কাজে ব্যস্ত থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নাসিম দোকানদার আলী আজম মানিকের দাড়ি ধরে টানেন এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তিনি মারধরও করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্ত ব্যক্তি হুমকি দেন যে, ব্যবসা চালিয়ে যেতে দেওয়া হবে না এবং হাত-পা ভেঙে দেওয়ার মতো হুমকিও শোনা গেছে।

এ বিষয়ে ঘিওর উপজেলা বিএনপির এক নেতা মিজানুর রহমান খান কুদরত বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি, তবে অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সঙ্গে আমাদের দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি কোনো সময় দলের মিটিং কিংবা মিছিলে অংশ নিয়েছেন বলেও জানা নেই।”

অন্যদিকে, ভুক্তভোগী আলী আজম মানিক বলেন, “নাসিম প্রায়ই আমার দোকানে কাজ নিয়ে আসতেন। আমি তার কাজগুলো ঠিকমতো করলেও টাকা পুরোটা দিতেন না। টাকা চাইলে হুমকি দিতেন। গতকালও জমির কাগজপত্র সংক্রান্ত কাজ নিয়ে এসেছিলেন। ব্যস্ত থাকায় তাকে একটু বসতে বলি, কিন্তু তিনি হঠাৎ রেগে গিয়ে দাড়ি ধরে টানেন, গালাগাল করেন, এমনকি মারধরও করেন। আমি থানায় অভিযোগ করেছি এবং সঠিক বিচার চাই।”

👉 আরও এমন খবর পেতে চোখ রাখুন: BangladeshTopNews