“আমাদের দরকার ভোটের অধিকার”—বকশীগঞ্জে মিল্লাতের জনসভায় গণতন্ত্রের ডাক

Nov 10, 2025 - 13:21
“আমাদের দরকার ভোটের অধিকার”—বকশীগঞ্জে মিল্লাতের জনসভায় গণতন্ত্রের ডাক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
“তারা (জামায়াত) ঘি চায়, আর আমরা চাই গণতন্ত্র”—এ মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, “তাদের নাকি ঘি লাগবেই! কিন্তু আমাদের ঘি লাগবে না—আমাদের দরকার গণতন্ত্র, দরকার ভোটের অধিকার ফিরে পাওয়া।”

রবিবার (৯ নভেম্বর) বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিল্লাত আরও বলেন, “আমরা সব বিষয়ে ছাড় দিয়েছি। যারা আমাদের নিয়ে প্রতিনিয়ত সমালোচনা করেন, তাদের প্রতিও সহনশীলতা দেখিয়েছি। কিন্তু এবার নির্বাচন নিয়ে আর কোনো ছাড় নয়। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি মাঠ ছাড়বে না।”

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, “আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার বিচার কার্য শুরু হবে, অথচ আপনারা ১১ তারিখে ঢাকায় লোক সমাগম করছেন কেন? আসলে আপনারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছেন। কারণ, ১৯৯৬ সালেও আপনারা একসঙ্গে ছিলেন।”

সভায় সভাপতিত্ব করেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার ও মোকাম্মেল হক, মোতালেব সরকার, মো. আকতার হোসেন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, ইউনিয়ন বিএনপির সহসভাপতি রাশেদুজ্জামান সোনা মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জনসভায় প্রায় ১০ হাজারেরও বেশি নেতা–কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন।