কালি মন্দির এর উন্নয়নের রক্ষার্থে জমায়েত নেতার আশ্বাস

Sep 6, 2025 - 23:56
Sep 24, 2025 - 22:03
কালি মন্দির এর উন্নয়নের রক্ষার্থে জমায়েত নেতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর):

যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রজিপুর কালী মন্দির প্রাঙ্গণের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে ওই এলাকায় গণসংযোগকালে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই প্রতিশ্রুতি দেন।

জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট গাজী এনামুল হক রজিপুর এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। গণসংযোগকালে এলাকাবাসী জানান, রজিপুর কালী মন্দিরের প্রাঙ্গণ দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় তারা ধর্মীয় উৎসব ও পূজা-পার্বণ সুষ্ঠুভাবে পালন করতে পারছেন না। এ পরিস্থিতিতে তারা মন্দির প্রাঙ্গণে মাটি ভরাট করে জলাবদ্ধতা নিরসনের জন্য দাবি জানান।

স্থানীয়দের সমস্যার কথা শুনে অ্যাডভোকেট গাজী এনামুল হক তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।" জনগণের ধর্মীয় অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে পালন করা যায়, তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।