জামালপুরে নাজমুল হক সাঈদী: “খুনি-গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচারের আগে বাংলাদেশে কোন নির্বাচন নয়”
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে দলের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বলেছেন, “বাংলাদেশে গত ১৫ বছর ধরে যারা খুন, গুম, জুলুম ও মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল, সেই খুনি ও গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার ছাড়া দেশের মানুষ কোন নির্বাচন চায় না।”
তিনি আজ (২৪ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ শেষে বিকেলে খড়মা নতুন বাজারে দেওয়ানগঞ্জ ইউনিয়ন জামায়াত আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি হাজী ইসমাইল হোসাইন, ইসলামপুর পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ মা'সুম বিল্লাহ, দেওয়ানগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ আতিকুর রহমান, বিএনপি থেকে সদ্য জামায়াতে যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন মাহবুব আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা নাজমুল হক, ছাত্রনেতা সাব্বির আহমদ ও শ্রমিক নেতা আবু হানিফ প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নাজমুল হক সাঈদী বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে আনার ধারণা মূলত নির্বাচনের সময় পিছিয়ে দেয়ার একটি অঘোষিত নীলনকশা। তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী দল ও তাদের দোসরদের বিচার না করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে নতুন চাঁদাবাজ ও ধান্দাবাজদের ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র জনগণ কখনো সফল হতে দেবে না।”
তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। কালো টাকার দাপট কমানো এবং ধনী-গরিব সকল প্রার্থী ও দলের জন্য সমান সুযোগ সৃষ্টির ব্যবস্থা না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
জনগণের উদ্দেশে নাজমুল হক সাঈদী আহ্বান জানান, “একবারের জন্যও জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিন। আমরা ইনশাআল্লাহ আপনাদের দুর্নীতি ও বৈষম্য মুক্ত, ন্যায়ভিত্তিক উন্নত কল্যাণরাষ্ট্র উপহার দেবো।”



