বাজার থেকে ফেরার পথে বৃদ্ধকে হত্যা, মরদেহ উদ্ধার নালায়

Jul 11, 2025 - 16:37
বাজার থেকে ফেরার পথে বৃদ্ধকে হত্যা, মরদেহ উদ্ধার নালায়

বাজার থেকে ফেরার পথে বৃদ্ধকে হত্যা, মরদেহ উদ্ধার নালায়।

মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে ময়ুর মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান সংলগ্ন বামনবীল এলাকার একটি নালা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়ুর মিয়া রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামের বাসিন্দা এবং তবারক মিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ময়ুর মিয়া। রাতে তিনি বাড়ি না ফিরলে এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির অদূরে বামনবীল এলাকায় নালার ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।খবর পেয়ে রাত দেড়টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের গলায় ছুরিকাঘাতের চিহ্নসহ একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পরিবারের দাবি—এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, "প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের গলায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি এবং দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।