সোনারগাঁয়ে দিনমজুরকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

Sep 29, 2025 - 23:05
সোনারগাঁয়ে দিনমজুরকে মারধরের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামায়াতে ইসলামীর মিছিলে না যাওয়ায় দলটির এক কর্মীর বিরুদ্ধে এক দিনমজুরকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী দিনমজুর আব্দুল হামিদ তুষার থানায় লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান।

অভিযুক্ত ব্যক্তির নাম রাশেদুল ইসলাম (৩৫)। তিনি স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর কর্মী বলে পরিচিত।

তার বিরুদ্ধে হামিদের অভিযোগ, গত শুক্রবার রাশেদুল ইসলাম ও তার অনুসারী কয়েকজন মিলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার প্রতাপেরচর গ্রামে হামিদকে মারধর করেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার কোনাপাড়া গ্রামের বাসিন্দা ২৭ বছর বয়সী আব্দুল হামিদ তুষার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় হারুন মিয়ার বাসার ভাড়া বাসায় থাকেন।

রাশেদুল ইসলাম জামায়াতে ইসলামীর কোনো পদে না থাকলেও তিনি দলটির সমর্থক জানিয়ে বলেন, “আমি জামায়াতের কোনো পদে নাই, তবে জামায়াত শিবিরকে সাপোর্ট করি। বিভিন্ন সময় মিটিং মিছিলে লোক নিয়ে যাই।”

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, “এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।”