স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

প্রায় ১০ বছর ধরে সিঙ্গাপুরে চিকিৎসা করাচ্ছেন মির্জা ফখরুল।

Apr 6, 2025 - 13:40
স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন।

রোববার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

তিনি বলেন, “স্যার এবং ভাবী হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন তারা। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে।”

এক সাপ্তাহ পর বিএনপি মহাসচিবের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছেন শায়রুল কবির খান।

৭৭ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার স্ত্রী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে ছাড়া পেয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।