সুনামগঞ্জে ১৪টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি
সুনামগঞ্জে ১৪টি ভারতীয় চোরাই গরু আটক করেছে বিজিবি
তুর্য দাস (সুনামগঞ্জ প্রতিনিধি)
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১৪টি ভারতীয় চোরাই গরু আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব গরু আটক করে বাঁশতলা বিওপি।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ১২৩০/৮-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের ভেতরে গরুগুলো আটক করা হয়। আটককৃত গরুর সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ১২ লাখ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।”
আটককৃত গরু সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।



