সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজে'র মানববন্ধন

সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজে'র মানববন্ধন কুমিল্লার আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম. হাসান ও লালমনিরহাটের আজকের পত্রিকার জেলা প্রতিনিধি খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কেজিইউজে'র সদস্য সচিব মনোয়ার হোসেন লিটনের নেতৃত্বে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন কেজিইউজে'র যুগ্ম আহ্বায়ক ও প্রতিদিনের বাংলাদেশ এর জেলা প্রতিনিধি রাশিদুল ইসলাম। তিনি বলেন,“এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই। অতীতেও সাংবাদিকদের হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছিল, এখনো করা হচ্ছে। আমরা মিথ্যা মামলার সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।” কেজিইউজে,র যুগ্ম আহ্বায়ক, ইনডিপেনডেন্ট ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মুজাহিদ বলেন,“সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা বন্ধ হয়নি। কখনও হামলা, কখনও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এম. হাসান ও খোরশেদ আলম সাগরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত এ মামলা প্রত্যাহার করা হোক।” সমাপনী বক্তব্যে কেজিইউজের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠ এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন বলেন,“প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করা হচ্ছে। এসব মামলার অধিকাংশ করছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এম. হাসান ও খোরশেদ আলম সাগরের নামে দায়ের করা মামলাটিও তাদেরই কাজ। তারা এখনো ক্ষমতায় আসেনি, অথচ এরই মধ্যে সাংবাদিকদের হয়রানি করছে। ২৪ পরবর্তী বাংলাদেশ আমরা এমনটি চাইনি, যেখানে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে। আমরা সাংবাদিকদের সত্য প্রকাশের অধিকার চাই।” মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ, গ্লোবাল টেলিভিশন এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদ, স্টার নিউজ এর জেলা প্রতিনিধি জুবাইর ইসলাম, প্রতিদিনের সংবাদ এর জেলা প্রতিনিধি রাজু আহমেদ, দৈনিক কালবেলার চিলমারী প্রতিনিধি আবু আল রাফিউল রাফি, দৈনিক ইনকিলাব এর চিলমারী প্রতিনিধি ফয়সাল হক, দৈনিক আমার সংবাদ এর রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কণ্ঠ এর রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম প্রমুখ।

Sep 17, 2025 - 10:44
Sep 17, 2025 - 10:46
সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজে'র মানববন্ধন
1 / 1

1. সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজে'র মানববন্ধন