**শৈলকুপা পৌরসভার সব দুর্গামন্দির পরিদর্শন করলেন ইউএনও স্নিগ্ধা দাস**
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শৈলকুপা পৌরসভার সব দুর্গামন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস। শনিবার রাতে তিনি পৌরসভার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম. সিরাজুস সালেহীন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শৈলকুপা উপজেলার আহবায়ক সাধন বিশ্বাস, সদস্য সচিব শুভাশিস দেবনাথ ও পৌর সদস্য সচিব পার্থ দে।
এ সময় ইউএনও স্নিগ্ধা দাস পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “দুর্গোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন।



