মায়ের অসুস্থতায় প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি আনিসা, দ্বিতীয় পত্রে অংশ নিচ্ছেন রবিবার।
মায়ের অসুস্থতায় প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি আনিসা, দ্বিতীয় পত্রে অংশ নিচ্ছেন রবিবার।
মায়ের হঠাৎ অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে অংশ নিতে পারেননি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। তবে আগামীকাল রোববার (২৯ জুন) অনুষ্ঠিতব্য বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।
শনিবার (২৮ জুন) আনিসার পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।
ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ জানান, “ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিষয়টি মানবিক বিবেচনায় দেখার নির্দেশনা দিয়েছেন।”
অধ্যক্ষ আরও জানান, আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ। তিনি বলেন, “শুক্রবার রাত থেকেই আনিসা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। আশা করছি সে সফলভাবে অংশ নিতে পারবে।”
আনিসার মা জানান, “বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমাকে মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সেদিন রাত ৮টার দিকে বাসায় ফিরি। আলহামদুলিল্লাহ, এখন আগের চেয়ে অনেকটা ভালো আছি। আমার মেয়ে আগামীকাল পরীক্ষা দেবে, সে মনোযোগ দিয়ে প্রস্তুতি নিচ্ছে।”



