মাইলস্টোন ট্র্যাজেডি: বিধ্বস্ত যুদ্ধবিমানটি চীনের তৈরি, এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

Jul 29, 2025 - 14:59
Jul 31, 2025 - 16:27
মাইলস্টোন ট্র্যাজেডি: বিধ্বস্ত যুদ্ধবিমানটি চীনের তৈরি, এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

চীন থেকে কেনা বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কারিগরি ত্রুটির কারণে এটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে। এ ঘটনার বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয় বলে মনে করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ২০১২ সাল থেকে যুদ্ধবিমানটি বহুবার উড়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ কারণে এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সমীচীন নয়।

মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৩ জন। হতাহত ব্যক্তিদের বেশির ভাগ শিশু।