মনিরামপুরে কৃতি শিক্ষার্থীদের আলোছায়ার সংবর্ধনা প্রদান
মণিরামপুরে কৃতি শিক্ষার্থীদের আলোছায়া'র সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর):
যশোরের মণিরামপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে সমাজকল্যাণ সংস্থা 'আলোছায়া'। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার পূর্বাঞ্চলের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৩ জন মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
আলোছায়া সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রিপুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। সংস্থার পরিচালক মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সহায়ক ও দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা তদন্ত কর্মকর্তা মো. বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ডা. মো. বাহারুল ইসলাম, বিসিএস কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, অধ্যক্ষ মো. রফিকুল বারী, মণিরামপুর পৌর জামায়াতের মাওলানা মহিউল ইসলাম এবং সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার রবীন্দ্র নাথ রায় প্রমুখ।
শিক্ষার্থীদের পাশাপাশি তাদের গর্বিত অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


