ব্যাচেলর পয়েন্ট, শিমুল ও লামিয়ার কি প্রেম হবে এই সিজনে?

May 24, 2025 - 15:20
May 24, 2025 - 15:26
ব্যাচেলর পয়েন্ট,  শিমুল ও লামিয়ার কি প্রেম হবে এই সিজনে?

আড়াই বছর পর শুরু হয়েছে দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। শুটিং শেষ পর্যায়ে, আসছে ঈদেই দর্শকদের জন্য উন্মুক্ত হবে নতুন সিজনটি। 

ইতিমধ্যে প্রকাশিত ফার্স্ট লুক পোস্টার ও প্রমো ভিডিওতে চরিত্রগুলো নিয়ে নতুন করে খানিক ধারণা দিয়েছেন নির্মাতা।

পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল তাতে। বাদ যায়নি সিজনের দুই আলোচিত চরিত্র শিমুল ও লামিয়া। সম্প্রতি প্রকাশিত এক প্রমো ভিডিওতেও তাদের দুজনকে দেখা গেছে। এরপর থেকেই দর্শকের মনে প্রশ্ন, এই সিজনে কি শিমুল ও লামিয়ার প্রেম হবে?No photo description available.প্রায় আড়াই বছর পর নতুন সিজন শুরু হওয়া প্রসঙ্গে লামিমা লাম কালের কণ্ঠকে বলেন, ‘অনেক দিন পর আবারও সেই ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন নিয়ে আসছে।

দর্শকরাও নানা সময়ে প্রশ্ন করতেন, নতুন সিজন কবে আসবে! সব জায়গায় এই এক প্রশ্ন শুনতে শুনতে খানিক বিরক্তই হয়ে গিয়েছিলাম। কারণ এর উত্তর জানা ছিল না। অবশেষে সবাই বলতে পারছি, নতুন সিজন আসছে। একই টিমের সঙ্গে অন্যান্য আরও কাজ করলেও ব্যাচেলর পয়েন্ট দর্শকদের কাছে এক অন্যরকম ভালোবাসা নাম।

এই সিরিজের মাধ্যমে লামিমা থেকে লামিয়া দর্শকের প্রিয় হয়ে উঠেছে। সব জায়গাতে শুধু লামিয়া আর লামিয়া, সবাই আমাকে এ নামেই ডাকে। এখন পর্যন্ত অনেকগুলো কাজই করেছি কিন্তু দর্শক এখনও আমাকে লামিয়া বলেই ডাকে। এটা একজন শিল্পী হিসেবে সত্যি দারুণ অর্জন। আবারও পুরনো টিমের সঙ্গে কাজ করে অনেক অনেক ভালো লেগেছে।

এবারের সিজনে দর্শক আরও অনেক বেশি ফান দেখতে পাবে।’
এই সিজনে শিমুলের সঙ্গে লামিয়ার প্রেম হবে কি না, এমন প্রশ্নে তার উত্তর, ‘সিজন ৫-এ আরও অনেক মজার মজার কাণ্ড ঘটবে, অনেক বেশি ফান হবে। দর্শক আগের চেয়ে আরও বেশি মজা পাবে। আর শিমুলের সঙ্গে প্রেম হবে কি না, সেটা এই সিজন দেখেই জেনে নিক দর্শকরা।’No photo description available.

শিমুল শর্মা বললেন, ‘ব্যাচেলর পয়েন্ট নিয়ে দর্শকদের যে পরিমাণ আগ্রহ দেখেছি, তা অভাবনীয়। দর্শক চাহিদার কারণেই আবার নতুন সিজন শুরু হয়েছে, আমরা সবাই আবারো একসঙ্গে হয়েছি। অনেকদিন পর  যখন আবার এটারই নতুন সিজনে একসঙ্গে হয়েছি তখন সবাই পুরনো দিনগুলো মনে করে আনন্দ করছিলাম। আমরা তো মজা করতে করতেই শুটিং করি। এবারো তাই হচ্ছে। এবারও দর্শক আরও বেশি মজা পাবে। আমার আর লামিয়ার মধ্যে কি ঘটে, সেটা জানার জন্য এই সিজন দেখতে হবে।’

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ মুক্তি পাবে আসছে ঈদুল আজহায়। এটি দেখা যাবে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে।

সেই সঙ্গে এটি প্রচারিত হবে চ্যানেল আইয়ে।