“বিসিসিআইয়ের সভাপতি হওয়া নিয়ে যা বললেন শচীন টেন্ডুলকার”

Sep 13, 2025 - 11:13
“বিসিসিআইয়ের সভাপতি হওয়া নিয়ে যা বললেন শচীন টেন্ডুলকার”

ভারতীয় ক্রিকেট তো বটেই ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরাদের একজন শচীন টেন্ডুলকার। ক্রিকেটার ছাড়ার পরে তাকে ভারতীয় বোর্ডে দেখা না গেলেও গুঞ্জন আছে বিসিসিআইয়ের সভাপতি হতে পারেন এই কিংবদন্তি। এ নিয়ে নীরবতা ভেঙেছেন শচীন টেন্ডুলকার।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। যেখানে বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হওয়া কথা রয়েছে। পাশাপাশি এউ নির্বাচনে সহ-সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং কোষাধ্যক্ষের পদে ভোট হবে। মূলত এর আগে বিসিসিআইয়ের সভাপতি হওয়া সৌরভ গাঙ্গুলীর কারণেই গুঞ্জন উঠেছিল। তিন বছর বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

শচীন বার্তা দিয়েছেন তার বিসিসিআই সভাপতি হওয়ার বিষয়টি ভিত্তিহীন গুজব বলে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার অবস্হান জানিয়েছেন।

টেন্ডুলকারের ব্যবস্থাপক প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট আজ এক বিবৃতিতে লিখেছে, ‘শচীন টেন্ডুলকারকে বিসিসিআইয়ের সভাপতি পদের জন্য বিবেচনা ও মনোনয়ন প্রদান সংক্রান্ত গুঞ্জন ও খবরের দিকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের কোনো কিছুই ঘটেনি। আমরা সবাইকে ভিত্তিহীন গুঞ্জনকে প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

সৌরভ গাঙ্গুলী ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব ছাড়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হন ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। বিসিসিআই সভাপতির মেয়াদ তিন বছর হলেও, তা পূর্ণ হওয়ার আগেই এই মাসের শুরুতে বিনি দায়িত্ব ছাড়েন মূলত বয়সের কারণে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই।

বিসিসিআইয়ের নির্বাচনে ভোট দিয়ে থাকে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর প্রতিনিধিরা। তার আগে প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিসিসিআইয়ের নির্বাচনে বর্তমান সেক্রেটারি দেবজিত সাইকিয়া, জয়েন্ট সেক্রেটারি রোহান দেশাই এবং কোষাধ্যক্ষ পদে প্রভাতেজ সিং ভাটি পুনরায় দায়িত্বে থেকে যেতে পারেন।