বকশীগঞ্জে সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুর কোর্টে মামলা দায়েরে বাঁধা প্রদান, হুমকি দেওয়া ও উল্টো মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার।
মঙ্গলবার দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলার জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম।
সংবাদ সম্মেলনে ভিকটিম পরিবারের সদস্য স্বপ্না বেগম অভিযোগ করে বলেন, মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা তার সহোদর বড় ভাই বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজী জমিজমা বিরোধের জেরে দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন, স্বামী মিল্লাত মিয়া সহ তিন জনের নামে গত ২১ জুলাই জামালপুর কোর্টে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেন। এছাড়াও তিনি প্রতিনিয়ত নতুন নতুন মামলা দিয়ে হুমকি প্রদান করছেন।
তিনি আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর মামলার আপোসের কথা বলে ইসমাইল সিরাজী তাকে বাড়িতে ডেকে নিয়ে স্বামীকে তালাক দিতে বলেন। এতে অস্বীকৃতি জানালে প্রথমে মারধর ও পরে গলা টিপে হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরবর্তীতে ২১ সেপ্টেম্বর জামালপুর জজ কোর্টে মামলা করতে গেলে ইসমাইল সিরাজী ও তার সহকারীরা বাঁধা প্রদান করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ফলে তিনি ভয়ে কোর্ট থেকে বের হয়ে আসেন।
অভিযোগে আরও বলা হয়, মামলা করতে না দিলেও পরদিন ইসমাইল সিরাজী আগের মামলার ৪ নম্বর সাক্ষীকে দিয়ে তার স্বামী, দেবর সাংবাদিক লিমন ও এক মাদ্রাসা শিক্ষকের নামে আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন।
এভাবে ধারাবাহিক মিথ্যা মামলা দায়ের করে পরিবারটিকে হয়রানি করছেন আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজী। সাংবাদিক পরিবারটি এ থেকে মুক্তি পেতে আইনি সহায়তা ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



