বকশীগঞ্জে বাংলাদেশ বেসরকারী শিক্ষক/কর্মচারী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Oct 1, 2025 - 23:48
বকশীগঞ্জে বাংলাদেশ বেসরকারী শিক্ষক/কর্মচারী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত



মোহাম্মদ গোলাম মোস্তফা:
বাংলাদেশ বেসরকারী শিক্ষক/কর্মচারী ফোরাম (বাবেশিকফো) বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) দুপুরে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক ফোরামের মহাসচিব অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলখখিয়া আর.জি. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুজাউদৌলা, জানকিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহজাহান আলী, আলীরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বকশীগঞ্জ খয়ের উদ্দীন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, জামালপুর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক রব্বানী ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ ইসলামসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে বক্তারা বেসরকারী শিক্ষক ও কর্মচারীদের নানাবিধ বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরেন। তারা বলেন, সরকারি শিক্ষকদের সমমর্যাদা, ন্যায্য বেতন-ভাতা, পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বেসরকারী শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এসব দাবি আদায়ের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম বলেন—
“শিক্ষকরা জাতি গঠনের কারিগর হলেও আজও বেসরকারী শিক্ষকরা নানা বৈষম্যের শিকার। এ অবস্থার পরিবর্তনে আমাদের সবাইকে সংগঠিত হতে হবে। আন্দোলন ছাড়া অধিকার আদায় সম্ভব নয়।”

প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বলেন—
“শিক্ষাক্ষেত্রে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের অবদান অনস্বীকার্য। কিন্তু তারা এখনও ন্যায্য মর্যাদা ও অধিকার পাননি। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি তুলে ধরবো। সকল শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনকে সফল করতে হবে।”

বক্তব্য পর্ব শেষে বাংলাদেশ বেসরকারী শিক্ষক/কর্মচারী ফোরাম বকশীগঞ্জ উপজেলা শাখার আনুষ্ঠানিক পরিচিতি ঘোষণা করা হয় এবং এর মধ্য দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।