বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

Oct 6, 2025 - 13:48
বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

 

জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা খেয়াঘাট বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে মিথ্যা মামলায় হয়রানির শিকার কয়েকটি পরিবার।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, আবুল হাসেম, খোরশেদ আলম ও মাসিদুল ইসলাম। বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় এক সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল বাসার তার লোকজন দিয়ে কল্পকাহিনী সাজিয়ে সারমারা এলাকার নিরীহ মানুষের নামে একের পর এক গায়েবী ও মিথ্যা মামলা দায়ের করছেন।

তারা আরও বলেন, এসব মামলার মাধ্যমে আবুল বাসার অন্যের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন এবং নতুন মামলা দেওয়ার হুমকিও দিচ্ছেন নিয়মিত। ফলে এলাকার কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

বক্তারা অবিলম্বে এসব হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন এবং মামলাবাজ আবুল বাসারকে গ্রেপ্তারের আহ্বান জানান।