“দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও ভারী বর্ষণ”
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় আজ রোববার অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সিনপটিক অবস্থার বিবরণে বলা হয়েছে, রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপ দক্ষিণ-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তর গুজরাট ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা দেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কুমিল্লায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।



