ঢাবি এলাকায় জামায়াত-শিবিরের সশস্ত্র অবস্থানের অভিযোগ ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জামায়াত-শিবির ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে সশস্ত্রভাবে অবস্থান নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করে এমন অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, উপাচার্য ও প্রক্টরসহ ঢাবি প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন।
ইলেকেশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না। যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে।
এ সময় ভিপিপ্রার্থী সাদিক কায়েমকে নিয়ে ভিসি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনিরকে ভিসি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী নিয়োগ লজ্জাজনক।



