কমলগঞ্জে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক।

Jul 11, 2025 - 16:44
কমলগঞ্জে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক।

কমলগঞ্জে ১১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ দুইজন আটক।

জেলা প্রতিনিদি Bangladesh Top News

মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকিকৃত বিদেশি সিগারেটসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা।

বুধবার (৯ জুলাই) রাতে কমলগঞ্জ থানার পুলিশ ভানুগাছ বাজারে ‘ভাই ভাই স্টোর’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করে। এ সময় দোকানে থাকা দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন কমলগঞ্জ উপজেলার রাসটিলা এলাকার মো. সোহাগ মিয়া (৩২) ও মো. রাহী (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ সিগারেট এনে স্থানীয় বাজারে বিক্রির কথা স্বীকার করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।”

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১০ জুলাই) মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।