শৈলকুপায় বিল্ডিং নির্মাণকাজে দুর্ঘটনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় বিল্ডিং নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রিতম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার কবিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত প্রিতম শৈলকুপা উপজেলার ঝাউদিয়া আবাসন এলাকার জিদেনের ছেলে। তিনি দিনমজুর হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রিতম মনিরুল ইসলামের মালিকানাধীন একটি বিল্ডিংয়ের নির্মাণকাজে অংশ নিতে ঘটনাস্থলে যান। কাজ করার এক পর্যায়ে ভবন থেকে পড়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক লাইনের ওপর গিয়ে তিনি গুরুতর আহত হন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা খোঁজ নিয়েছি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”



