“লঙ্কানদের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাসে উজ্জীবিত তানজিমরা”

বাড়তি আত্মবিশ্বাসের কারণও জানিয়েছেন তানজিম সাকিব।

Sep 13, 2025 - 10:58
“লঙ্কানদের বিপক্ষে বাড়তি আত্মবিশ্বাসে উজ্জীবিত তানজিমরা”

হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ দল। হংকং বধের পর এবার সামনে শ্রীলঙ্কা। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগেও জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ।

শ্রীলঙ্কার সাথে মাঠের লড়াইটা বেশ কয়েকবছর ধরেই দারুণ জমজমাট বাংলাদেশের। ২০১৮ নিদাহাস ট্রফির নাগিন ডান্সের ঘটনা থেকে শুরু করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের টাইমআউট, সবকিছুতেই আগুনে ঘি পড়েছে। লড়াই হয়ে গেছে আরও বেশি জমজমাট।    

রাইভালরি থাকায় দুই দলের লড়াইটা দর্শকদের জন্য কাঙ্ক্ষিতও বটে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলার ইতিহাস থাকায় এবার বাড়তি আত্মবিশ্বাস টাইগার পেসার তানজিম হাসান সাকিবের কণ্ঠে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তানজিম বললেন, ‘স্ট্রেইট ফরওয়ার্ড ব্যাপার। আমাদের অ্যাপ্রোচ জেতার জন্যই থাকবে। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি আমরা। ফলে আত্মবিশ্বাস আছে। আমরা জেতার লক্ষ্যেই মাঠে যাব। আমরা যেখানেই যাই বাংলাদেশি সমর্থকরা চলে আসে। তারা সবসময় আমাদের সাপোর্ট করতে আসে। সবাই অনেক ইমোশনাল। আশা করি তারা এসে আমাদেরকে সাপোর্ট করবে।’     \

তানজিম আরও বলেন, ‘এশিয়া কাপের আগে তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ খেলেছি আমরা। আমরা জানি তারা কী করতে পারে। তাদের ভালো কিছু প্লেয়ার রয়েছে। তাদের আটকাতে হবে আমাদেরকে।’  

আবুধাবির পিচ নিয়ে তানজিম বলেছেন, ‘দারুণ পিচ, আমি এখানে বোলিং করা উপভোগ করেছি। ইতিবাচক ব্যাপার। এখানে বোলিং উপভোগ করেছি আশা করি সামনেও করব।’  

এছাড়া নিজের পছন্দের বোলার ডেল স্টেইনকে দেখেই অ্যাগ্রেসিভ হওয়া কিনা এমন প্রশ্নের জবাবে তানজিম জানান, ‘ছোটবেলা থেকে ডেল স্টেইনের খেলা দেখি। অ্যাগ্রেশন ব্যাপারটা ন্যাচারাল, এটা অটোমেটিক চলে আসে। ফিজ ভাইয়ের যেমন আসে না। উনি এমন না। এটা ন্যাচারাল।’  

হংকং ম্যাচে শামীম হোসেন পাটোয়ারীকে বল না করানো নিয়ে তানজিম বলেছেন, ‘৩ সিমার ২ স্পিনার সবাই ভালো করেছে। শামীম পাটোয়ারী আসলে ক্যাপ্টেন হয়ত মনে করে নাই শামীমকে দরকার আছে। আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এগিয়েছি। যখন লাগবে তখন (৬ষ্ঠ বোলার) কাজে লাগানো হবে।’  

১১ সেপ্টেম্বরই ১৩ সেপ্টেম্বরের ম্যাচের সংবাদ সম্মেলন করা নিয়ে তানজিম বলেছেন, ‘কালকে যেন বিশ্রামে থাকি তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়ত। এখানে অনেক গরম। আমার মনে হয় খুব ভালো সিদ্ধান্ত হয়েছে।’  

লঙ্কানদের বিপক্ষে আগে সিরিজ জেতায় সুবিধা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তানজিম বলেছেন, ‘সুবিধা আসলে থাকবে। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান জেতাই জরুরি। আমরা জেতার জন্য মাঠে নামব। অবশ্যই এক দলের বিপক্ষে আগে জেতা থাকবে বাড়তি আত্মবিশ্বাস পাওয়া যাবে।’

আবুধাবির পিচের আচরণ নিয়ে তানজিম জানান, ‘আবুধাবিতে আমার প্রথম ম্যাচ। নতুন বলে বল স্কিড হচ্ছিল। আমি খুব উপভোগ করেছি প্রথম স্পেলে। দ্বিতীয় স্পেলে একটু কঠিন ছিল। ভিন্ন অভিজ্ঞতা হয়েছে এখানে।’  

তানজিমের মতে, ‘শ্রীলঙ্কার সাথে আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামব। বাড়তি আত্মবিশ্বাস পাব। যেহেতু অনেক ম্যাচ খেলেছি তাদের বিপক্ষে। আমরা ভালোভাবে প্রস্তুত হয়েই নেমেছি।’ 

এছাড়া তানজিম সাকিব আরও বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো দিন মাঠের মধ্যে আমি প্রসেস মেনে চলার চেষ্টা করি। প্রসেস মেইন ব্যাপার। ফ্যানদের ক্রেইজ থাকতেই পারে। আমাকে বোলিংয়ের লাইন মেইনটেইন করতে হবে। প্রসেস মেনে চলতে হবে।’ 

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ম্যাচ ১৩ সেপ্টেম্বর।