বাউফলে শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ভাইরাল — অপমানে আত্মহত্যার চেষ্টা।

Sep 14, 2025 - 12:24
বাউফলে শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ভাইরাল — অপমানে আত্মহত্যার চেষ্টা।
পটুয়াখালীর বাউফলে সুপারী চুরির অভিযোগে রোমান হোসেন (১৪) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে হাত-পা শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অপমানে কিশোরটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। রোমান মান্দারবন গ্রামের আবদুল গনি ডাক্তারের ছেলে ও কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে প্রতিবেশী ছালাম হাওলাদারের গাছ থেকে সুপারি পাড়ার সময় রোমানকে কয়েকজন যুবক ধরে ফেলে। পরে স্থানীয় যুবক আমীর, সজিব ও বাবুল তাকে হাত-পায়ে শিকল বেঁধে গাছে ঝুলিয়ে মারধর করেন এবং ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ঘটনায় রোমানের বড় ভাই সুমন অভিযোগ করে বলেন, “আমার ভাইকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ায় অপমানে সে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।”
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, রোমানের পাকস্থলী ওয়াশ করা হয়েছে, তবে এখনো আশঙ্কামুক্ত নয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন,  এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।