বকশীগঞ্জে নিজ ঘরে তরুণের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

Sep 17, 2026 - 15:15
বকশীগঞ্জে নিজ ঘরে তরুণের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

 

জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ আলম (১৭) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

নিহত সবুজ আলম চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ আলম মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি। মাদকের জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও জানান স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে নিজ ঘরে হঠাৎ ছটফট করতে থাকেন সবুজ। একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সবুজকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, “তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।