নগর ভবন দখল ইস্যুতে ইশরাকের হুঁশিয়ারির জবাবে আসিফ মাহমুদের ছয়টি প্রশ্ন

Jun 26, 2025 - 01:01
নগর ভবন দখল ইস্যুতে ইশরাকের হুঁশিয়ারির জবাবে আসিফ মাহমুদের ছয়টি প্রশ্ন

নগর ভবন দখল ইস্যুতে ইশরাকের হুঁশিয়ারির জবাবে আসিফ মাহমুদের ছয়টি প্রশ্ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে নির্বাচিত হয়ে শপথ না নেওয়ার পরও নগর ভবনে ইশরাক হোসেনের উপস্থিতি ও তাঁর কর্মীদের আন্দোলন নিয়ে বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত ২৫ জুন সকালে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, নগর ভবনে তার নেতাকর্মীদের অবস্থান ও আন্দোলনের পেছনে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং আসিফ মাহমুদের মন্তব্যে নাগরিকদের অপমান করা হয়েছে। এজন্য তাকে (আসিফ মাহমুদ) নগরবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন তিনি।

এর কয়েক ঘণ্টা পরই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ছয়টি প্রশ্ন ছুড়ে দেন আসিফ মাহমুদ। তিনি লিখেন, “আমার ছবি জুতার নিচে রেখে অবমাননার জন্য কেউ ক্ষমা চেয়েছে? আমার বাবাকে ‘চালচোর’ বলে স্লোগান দেওয়া হয়েছে—এই গুজব প্রচারের জন্য কেউ দুঃখপ্রকাশ করেছে?”

তিনি আরও যোগ করেন, “শুরুতে সমাধানের চেষ্টা করেও যারা সবকিছু প্রত্যাখ্যান করেছে, সেই দম্ভের জন্য নগরবাসীকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে—তার দায় কেউ নিয়েছে? নগর ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে রেখে এক কোটির বেশি মানুষের নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার দায় কেউ স্বীকার করেছে?”

আসিফ মাহমুদের অভিযোগ, আন্দোলনের সময় তাঁর পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, এমনকি ‘জবাই করার’ হুমকিও এসেছে। এসবের জন্যও কেউ কোনো দুঃখপ্রকাশ করেনি বলেই দাবি করেন তিনি।

তার ভাষায়, “আমি শুধু বলেছি, কিছু রাজনৈতিক নেতার প্ররোচনায় এ আন্দোলন হয়েছে। ইশরাক নিজেও জানেন, তাঁকে একটি পরিকল্পিত ট্র্যাপে ফেলা হয়েছে। তিনি আমার পরিচিত অনেকের সামনেই সেটা স্বীকার করেছেন।”

তিনি আরও লেখেন, “গত দেড় মাসে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করিনি, কাউকে ছোট করিনি। রাজনৈতিক শিক্ষা আমাকে শিখিয়েছে, ভদ্রতা বজায় রেখে পথ চলতে হয়। ধৈর্য ধরেছি, কিন্তু এর মানে এই নয় যে, সব অন্যায় চুপচাপ মেনে নেব। ইতিহাস একদিন সকলের হিসাব বুঝিয়ে দেবে।

অন্যদিকে, সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, “আসিফ মাহমুদ একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, আমি বিএনপির এক নেতার ইন্ধনে আন্দোলন করছি। এমন মন্তব্যের মাধ্যমে লাখো ভোটারের মর্যাদাকে হেয় করা হয়েছে।

তিনি আরও বলেন, “আসিফ মাহমুদের বক্তব্যে বোঝা যাচ্ছে, তিনি নিজেকে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ ভাবেন এবং আমায় অপমান করতে চান। এমন ঔদ্ধত্যমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।

ইশরাক হোসেন দাবি করেন, “আসিফ বলেছেন, কুমিল্লার এক বিএনপি নেতা নাকি আমাকে আন্দোলনে উসকে দিয়েছেন, অর্থ ও সহায়তা দিয়েছেন। তাহলে তার কাছে যদি প্রমাণ থাকে, তা জাতির সামনে তুলে ধরুন। না হলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।