খুলনায় ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যার চেষ্টা

খুলনার রূপসা উপজেলার রাজাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রিকশাচালক কাউসার (৫০)। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। পুলিশ হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে।

Sep 12, 2025 - 19:40
খুলনায় ছুরিকাঘাতে রিকশাচালককে হত্যার চেষ্টা

খুলনার রূপসা উপজেলার রাজাপুর এলাকায় আবারও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন কাউসার (৫০) নামের এক রিকশাচালক। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউসার প্রতিদিনের মতো রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে বেপরোয়া ভাবে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে। তবে সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,
“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে অভিযান চলছে। কাউসারের অবস্থা আশঙ্কাজনক।”

এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।