পটুয়াখালীর কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন নির্মানে অনিয়মের অভিযোগে এলকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিয়েছে এলজিইডি। বৃহস্পতিবার বেলা এগারোটায় পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বড় শিকদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলজিইডি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ৩ টি অতিরিক্ত শ্রেনীকক্ষ নির্মানের লক্ষে দুইতলা ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি। ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় মেসার্স গাজী কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যে শেষ হয়েছে এ ভবনের ৭০ শতাংশ নির্মান কাজ। তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজ শুরুর পর পরই নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন এলাকাবাসী। দীর্ঘদিনেও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে কাজ বন্ধ করে দেয় এলজিইডি ।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।