এবার ঈদে দুই পর্দায় আছেন তারা
ঈদুল আজহার বাকি হাতে গোনা কয়েকটা দিন। নতুন কাজে মুখর শোবিজ। বলা হচ্ছে, নিকট অতীতের সবচেয়ে তারকাবহুল ঈদ হবে এবার। এর মধ্যে রয়েছেন এমন কয়েকজন তারকা, বড় পর্দায় তো বটেই, ছোট পর্দায়ও দেখা যাবে তাঁদের।
ঈদ আসবে, আর মোশাররফ করিম আসবেন না, তা তো হয় না! এবার বরং দ্বিগুণ চমক নিয়ে হাজির হবেন অভিনেতা। বড় পর্দায় মুক্তি পাবে সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’। ছবির নায়ক যদিও শরিফুল রাজ, তবে ডাক্তার চরিত্রে মোশাররফ করিম রয়েছেন আকর্ষণের মূলে।এরই মধ্যে পোস্টার ও টিজারে ব্যতিক্রম অবতারে দেখা দিয়ে আগ্রহ বাড়িয়েছেন অভিনেতা। মুখে দাড়ি, চোখে সানগ্লাস, গলায় ঝোলানো স্টেথোস্কোপ; অথচ কুড়াল হাতে হিংস্র রূপ।আঁচ করা যায়, ভিন্ন আমেজেই তাঁকে পাওয়া যাবে। অন্যদিকে ছোট পর্দায়ও আগ্রহের কেন্দ্রে তিনি।
পরীক্ষিত অভিনেতা ইন্তেখাব দিনার। আগে ছোট পর্দাতেই ছিল তাঁর ব্যস্ততা। এখন নিয়মিত হাজির হচ্ছেন বড় পর্দায়ও। রোজার ঈদের সফল ছবি ‘বরবাদ’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কোরবানির ঈদেও থাকবেন বড় পর্দায়। তবে এবার মারকাট অ্যাকশনে নয়, পারিবারিক গল্পের ‘উৎসব’-এ। তানিম নূরের এই ছবিতে তাঁর সহশিল্পী একঝাঁক তারকা। ছবির বিষয়বস্তুতে নিজের শৈশবের আনন্দ খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন দিনার। দর্শকের মাঝেও সেই আনন্দ ছড়িয়ে যাবে, তাঁর প্রত্যাশা। ছোট পর্দা অর্থাৎ দীপ্ত প্লেতে মুক্তি পাবে মাহমুদুর রহমান হিমির থ্রিলার সিরিজ ‘হাইড এন সিক’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিনার। সঙ্গে রয়েছেন তানজিন তিশা, দীঘি, রোশান প্রমুখ।
চলচ্চিত্রের নিয়মিত মুখ জিয়াউল রোশান। ঈদে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজের ছবিটি সরকারি অনুদানে নির্মিত। এতে রোশানের সঙ্গে আছেন শবনম বুবলী। এরই মধ্যে ছবির সব কাজ সম্পন্ন হয়েছে, মিলেছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও। ছবির পোস্টারেও দেখা মিলেছে নায়ক-নায়িকার। এই সর্দারবাড়ির খেলা পেরিয়ে রোশানকে দেখা যাবে এক লুকোচুরির গল্পে। মাহমুদুর রহমান হিমির ওয়েব ছবি ‘হাইড এন সিক’-এ অভিনয় করেছেন তিনি। ঈদে ছবিটি আসবে দীপ্ত প্লেতে। এতে রোশানের সঙ্গে আছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দীঘি, ইন্তেখাব দিনার প্রমুখ।
মাঝে একটু চুপচাপ ছিলেন সাদিয়া আয়মান। সামাজিক মাধ্যমে কিছু প্রতিকূলতা পার করতে হয়েছিল। এই ঈদে যেন পুরোদমেই ফিরতে চলেছেন তিনি। বড় পর্দায় মুক্তি পাবে তানিম নূরের ‘উৎসব’। তারকাবহুল এই ছবিতে আছেন সাদিয়া। পারিবারিক উৎসবমুখর গল্পের ছবিটি ঈদে দর্শককে উদ্বেলিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। অন্যদিকে হইচইয়ের সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’য়ও আছেন সাদিয়া। এর প্রধান চরিত্র আব্বাসের [মোশাররফ করিম] আট নম্বর বউ হবেন তিনি। এ ছাড়া টিভি পর্দায় দেখা যাবে সাদিয়াকে। মাছরাঙায় প্রচারিত হবে তাঁর অভিনীত নাটক ‘অদৃশ্য মায়া’। আফনাফ শ্যামলের এই নাটকে তাঁর সঙ্গে আছেন জোনায়েদ বোগদাদী।



