অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে যাচ্ছেন আসাদুজ্জামান

Nov 5, 2025 - 15:29
অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে যাচ্ছেন আসাদুজ্জামান

তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,“আমি আজ অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেছি। আমি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেব। বিএনপির কাছে নমিনেশন চেয়েছি এবং আমি আশাবাদী, আমি নমিনেশন পাব।”

তত্ত্বাবধায়ক সরকারের রায় প্রসঙ্গে তিনি আরও বলেন,“সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারা অনুযায়ী অপরাধ করেছেন। কোনো বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, ওই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা থাকা উচিত নয়।”

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। তিনি এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।