৯৭২২ দিনের অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার

Jun 15, 2025 - 16:37
৯৭২২ দিনের অপেক্ষার অবসান হলো দক্ষিণ আফ্রিকার

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ৯৭২২ দিনের অপেক্ষার অবসান হল প্রোটিয়াদের। দীর্ঘ ৯৭২২ দিন পর আইসিসির কোন ইভেন্টের শিরোপা জিতলো তারা। 

সর্বশেষ ১৯৯৮ সালের পহেলা নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে আইসিসি নক-আউট ট্রফির (বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি নাম) শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। এরপর আইসিসির কোন শিরোপা জিততে না পারায় ‘চোকার’ তকমা পায় তারা। অবশেষে ২৭ বছর পর আইসিসি ট্রফি জয়ের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারায় গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ফাইনালে সেঞ্চুরি করে প্রোটিয়াদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার এইডেন মার্করাম। দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। প্রথম ইনিংসে শূন্যতে ফিরেছিলেন এই প্রোটিয়া ওপেনার। 

ফলে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন মার্করাম। এর আগে ১৯৮৪ সালে এই লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসে শূন্যর পর দ্বিতীয় ইনিংসে ১৩৮ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডরিকস।