সড়কে নেই যানজট, আছে বিশৃঙ্খলা

Apr 7, 2025 - 13:58
May 24, 2025 - 14:53
সড়কে নেই যানজট, আছে বিশৃঙ্খলা

ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে গতকাল রোববার অফিস-আদালত খুলেছে। খুলেছে স্কুলকলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সড়কে এখনো বাড়েনি যানবাহনের চাপ। সে কারণে সড়কে যানজটও নেই। তবে বিশৃঙ্খলা স্পষ্ট। মূল সড়কে হরহামেশা চলছে ব্যাটারিচালিত অটোরিকশা।

খোদ ট্রাফিক পুলিশ বক্সের পাশেই মূল সড়কে উল্টো পথে ব্যাটারিচালিত রিকশা ও লেগুনা চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেখা গেছে। যার কারণে মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালগুলোতে গতি কমছে যানবাহনের।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগর, আগারগাঁও ও শ্যামলী, শিশুমেলা এলাকায় সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।

dhakapost

ঢাকার ব্যস্ততম ট্রাফিক সিগন্যালগুলোর মধ্যে অন্যতম আগারগাঁও। সেখানে সরেজমিনে দেখা যায়, মূল সড়কের দুই পাশে পাল্লা দিয়ে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা। হুটহাট উল্টোপথে ঢুকে পড়ছে অটোরিকশা। দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্বিকারভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

আগারগাঁও মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য ঢাকা পোস্টকে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে তো কোনো অনুমোদনই নেই। ধরলে মামলার প্রক্রিয়া নেই। সরাসরি ডাম্পিং করতে হবে। কিন্তু আপনি দেখেন, যে পরিমাণ ব্যাটারিচালিত অটোরিকশা চলছে তা সিগন্যাল পরিচালনা বাদ দিয়ে ধরতে গেলে মিনিটের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। যানজট, যান চলাচলে চাপ তৈরি হবে। যে কারণে ব্যাটারিচালিত অটোরিকশা ধরার ক্ষেত্রে শিথিলতার কথা জানান তিনি।