“‘স্বৈরশাসক’ বিরোধী স্লোগানে মুখরিত ওয়াশিংটন”

Sep 7, 2025 - 12:49
“‘স্বৈরশাসক’ বিরোধী স্লোগানে মুখরিত ওয়াশিংটন”

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের প্রতিবাদ জানিয়ে তাঁরা ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে স্লোগান দেন। খবর রয়টার্স।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ‘উই আর অল ডিসি’ শিরোনামে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেন অনিবন্ধিত অভিবাসী, মানবাধিকার কর্মী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “ট্রাম্পকে এখনই যেতে হবে”, “ডিসিকে মুক্ত করো”, “স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ো”।

বিক্ষোভে অংশগ্রহণকারী অ্যালেক্স লফার বলেন, “আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। আমাদের রাস্তায় ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডের কোনো জায়গা নেই।”

ট্রাম্প গত মাসে অপরাধ দমনের অজুহাতে ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করেছিলেন। তাঁর দাবি ছিল, ‘আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা’র স্বার্থেই এ পদক্ষেপ। বর্তমানে ছয়টি রিপাবলিকান অঙ্গরাজ্য থেকে আসা দুই হাজারের বেশি সেনা শহরে টহল দিচ্ছে। তবে সেনাদের দায়িত্ব কবে শেষ হবে তা স্পষ্ট নয়; আপাতত ডিসির ন্যাশনাল গার্ডের কার্যাদেশ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

কিন্তু যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ২০২৩ থেকে ২০২৪ সালে সহিংস অপরাধের হার কমেছে ৩৫ শতাংশ এবং চলতি বছর আরও ২৬ শতাংশ হ্রাস পেয়েছে।

ন্যাশনাল গার্ড মোতায়েনকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব ৪ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন। তিনি বলেন, “ওয়াশিংটন ডিসিতে কোনও অপরাধ বৃদ্ধির কারণে জরুরি অবস্থা নেই। বাস্তবে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। সেনা মোতায়েন ছিল নজিরবিহীন, অপ্রয়োজনীয় এবং অবৈধ।”