শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বকশীগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহ জহুরুল হোসেন। সভার শুরুতে সভাপতি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজারসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা, শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক পদ্ধতির ব্যবহার, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং অভিভাবক সমাজের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন তাঁর বক্তব্যে বলেন,
"শিক্ষার্থীদের সঠিক শিক্ষা ও মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা, নিয়মিত পাঠদান এবং শিক্ষকদের আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন।"
সভা শেষে উপস্থিত সবাই শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



