শার্শায় রোমহর্ষক ভ্যান ছিনতাই: পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার, ভ্যান উদ্ধার

যশোরের শার্শায় ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত ভ্যানচালকের ছিনতাইকৃত ভ্যান, চাকু ও গুলের কৌটা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক পূর্ব মামলা রয়েছে।

Sep 18, 2025 - 10:52
শার্শায় রোমহর্ষক ভ্যান ছিনতাই: পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার, ভ্যান উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় ভ্যান ছিনতাইয়ের ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেফতার ও ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করেছে।

ভুক্তভোগী ভ্যানচালক আক্তারুল ইসলাম (১৯), পিতা ইয়াসিন আলী, গ্রাম-নারিকেলবাড়ীয়া, থানা-শার্শা জানান, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১টা ১০ মিনিটে বড়বাড়ীয়া এলাকার মিজানের ইটভাটার সামনে থেকে পানবুড়ি-ধলদা সড়কে যাত্রীবেশে থাকা তিনজন দুর্বৃত্ত তার ভ্যানটি ছিনতাই করে। এসময় তারা চাকু দিয়ে তাকে গুরুতর জখম করে।

ঘটনার খবর পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিমের নেতৃত্বে এসআই (নিঃ) আলমগীর হোসেন ও এসআই (নিঃ) হয়রত আলীর সমন্বয়ে গঠিত একটি টিম দ্রুত অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহযোগিতায় একইদিন বিকাল ২টা ১০ মিনিটে বড়বাড়ীয়া এলাকা থেকে মোঃ ইমরান হোসেন (২৮) ও মোঃ কামরুজ্জামান (২৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ ছিনতাইকৃত ভ্যান, একটি চাকু ও একটি গুলের কৌটা উদ্ধার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইমরান হোসেনের বিরুদ্ধে পূর্বে ৬টি এবং কামরুজ্জামানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলা নং-১৬, তাং-১৬/০৯/২০২৫, ধারা-৩৯৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু হয়েছে।