রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী: ন্যাটো–ইইউ দেশগুলোতে আক্রমণের পরিকল্পনা নেই

Sep 28, 2025 - 11:33
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী: ন্যাটো–ইইউ দেশগুলোতে আক্রমণের পরিকল্পনা নেই

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, দেশটির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর ওপর কোনো হামলার পরিকল্পনা নেই। তবে, যদি রাশিয়ার বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটে, তার কঠোর ও ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে। এ কথা তিনি জাতিসংঘের সাধারণ সমাবেশে শনিবার (২৭ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে বলেন।

ল্যাভরভের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমা দেশগুলো থেকে আসা হুমকির প্রতিক্রিয়া জানানো। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো ক্রমশ রাশিয়ার বিরুদ্ধে হুমকি দিচ্ছে এবং ন্যাটো ও ইইউ-এর ওপর হামলার পরিকল্পনার অভিযোগ তুলছে। তবে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর বক্তব্য উল্লেখ করে বলেছেন, রাশিয়ার কোনো আগ্রাসনের উদ্দেশ্য নেই। তিনি এর পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা, এবং ইসরাইলের কর্মকাণ্ডকে নিন্দা জানান।

ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে হুমকি ক্রমেই সাধারণ ঘটনা হয়ে উঠছে। তিনি ইসরাইলের সমালোচনা করে বলেন, রাশিয়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা করলেও গাজায় ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যাকাণ্ডকে সমর্থন করে না। তিনি অভিযোগ করেন, ইসরাইল মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও আগ্রাসন চালাচ্ছে, যা পুরো অঞ্চলে ‘বিস্ফোরণের’ সম্ভাবনা তৈরি করছে।

ইরানের বিষয়ে ল্যাভরভ বলেন, পশ্চিমা শক্তিগুলো কূটনীতিকে নস্যাৎ করছে। শুক্রবার রাশিয়া ও চীনের নেতৃত্বে শেষ মুহূর্তের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তিনি ‘অবৈধ’ বলে উল্লেখ করেন। এই নিষেধাজ্ঞাগুলো রবিবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

ল্যাভরভ আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি এখন সাধারণ হয়ে উঠছে। তবে প্রেসিডেন্ট পুতিন বহুবার স্পষ্ট করেছেন, এসব উসকানি সম্পূর্ণ ভিত্তিহীন। রাশিয়ার কখনোই ন্যাটো বা ইইউ-এর ওপর আক্রমণের কোনো পরিকল্পনা নেই। তবে দেশটির বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে, ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে। তথ্যসূত্র : বিবিসি