যে কারণে বাংলাদেশের কাছে ‘কৃতজ্ঞ’ উইন্ডিজ শিবির

Oct 22, 2025 - 18:25
যে কারণে বাংলাদেশের কাছে ‘কৃতজ্ঞ’ উইন্ডিজ শিবির

গতরাতে ইতিহাসে প্রথমবারের মতো কোনো টাইয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। খেলতে হয়েছিল নিজেদের প্রথম সুপার ওভার। তবে সেই সুপার ওভারের স্মৃতিটা মোটেও ভালো কিছু হয়নি। ১১ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি দল। ফলে উইন্ডিজ ম্যাচটা জিতে সিরিজে ফিরিয়েছে সমতা।

ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচের পর বাংলাদেশ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুপার ওভারের এক সিদ্ধান্তের কারণে তাদের জেতা সহজ হয়েছে বলে বিশ্বাস উইন্ডিজ শিবির। 

চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সফরকারীদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন কোন বাংলাদেশি ব্যাটার? উত্তরটা হবে– রিশাদ হোসেন। দুই ম্যাচেই ক্যারিবীয় স্পিনারদের ওপর ঝড় বইয়ে দিয়েছিলেন তিনি। সেই তাকেই কি না সুপার ওভারে ব্যাট হাতে পাঠায়নি বাংলাদেশ!

রিশাদ মিরপুরের মন্থর উইকেটেও ফুল ফুটিয়েছিলেন। প্রথম ম্যাচে ১৩ বলে করেছিলেন ২৬ রান। দ্বিতীয় ম্যাচে তিনি আরও বিধ্বংসী, ১৪ বলে খেললেন ৩৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস।

এমনকি সুপার ওভারে যে আকিল হোসেইন ৯ রান দিয়ে গেলেন ২ ওয়াইড আর ১ নো বল করার পরও, মূল ম্যাচে সেই আকিলের শেষ ওভারেই ১৬ রান তুলেছিলেন রিশাদ। এরপরও তাকে বিবেচনাতেই আনা হয়নি সুপার ওভারে। 

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত দেখে বিস্ময়ের শেষ নেই উইন্ডিজ শিবিরে।  সুপার ওভারে রিশাদকে না দেখে বিস্মিত হয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে উইন্ডিজের প্রতিনিধি আকিল হোসেইন বলেন, ‘হ্যাঁ। আমি একটু অবাকই হয়েছিলাম। যে ম্যাচে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিল, সে নামলই না সুপার ওভারে। ছোট দিকের সীমানার দিকে যে দুটি ছক্কা মেরেছিল, সেখানেই সে ফের মারতে পারত।’ 

রিশাদ না নামার ফলে বেশ সুবিধাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। সে কারণে দলটা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ, এমনটাই জানালেন আকিল। তিনি বলেন, ‘সে না নামায় তা আমাদের পক্ষে কাজ করেছে। সে এমন এক ক্রিকেটার, যার অনেক শক্তি ও লম্বা। সব মিলিয়ে সে সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের একজন ছিল। তারা তাকে না পাঠানোর কারণে কৃতজ্ঞ।’