মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান, পুতিনকে কিয়েভে ডাকলেন জেলেনস্কি
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উল্টো তিনি পুতিনকে বৈঠকের জন্য কিয়েভে আহ্বান জানিয়েছেন।
একটি মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি এই সন্ত্রাসের রাজধানীতে যেতে পারি না। কারণ ইউক্রেন প্রতিদিনই ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণের মুখে রয়েছে।’
জেলেনস্কির বক্তব্যের বরাত দিয়ে ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, (পুতিন) চাইলে কিয়েভে আসতে পারেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে সরাসরি আলোচনার জন্য বেশ কয়েকদিন ধরেই চাপ দিচ্ছেন। এর আগে গত মাসে আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল একটি দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন।
পরে ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সাক্ষাৎ হবে জেলেনস্কির ওয়াশিংটন সফর এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর। কিন্তু মস্কো অতিরিক্ত শর্ত আরোপ করছে, সিদ্ধান্ত বিলম্বিত করছে এবং ইউক্রেনের শহরগুলোতে গোলাবর্ষণ বাড়িয়ে দিয়েছে।
এই সপ্তাহে পুতিন জানান, তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত, তবে তা মস্কোতেই।



