মনিরামপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ

Sep 13, 2025 - 21:25
Sep 13, 2025 - 21:25
মনিরামপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পথসভা ও লিফলেট বিতরণ

মনিরামপুর প্রতিনিধি : নয়ন রায় (যশোর)

যশোরের মণিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে এক বিশাল পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৩ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মোঃ আবু মুছা।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিন্টু। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, "আমরা ৩১ দফার লিফলেট বিতরণ করবো। আজকের এই রাজনৈতিক দলটা, যারা ১৯৮৬ সালে স্বৈরাচারীর আমলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ইচ্ছায় নির্বাচন করে দশটি আসন পেয়েছিল, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।"

তিনি একটি নির্দিষ্ট গোষ্ঠীর সমালোচনা করে বলেন, "আজ তারা ইয়ানাতের নামে, বেহেস্তের টিকিটের নামে মানুষের কাছে ভুল বুঝিয়ে টাকা কালেকশন করে গাড়ি-বাড়ি করে এবং আশ্বাস দেয় আপনারা সবাই জান্নাতে যাবেন। ডাকসু নির্বাচনে প্যানেল করে নির্বাচিত হয়ে মনে করেছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। ছাত্রশিবির পাশ করার পরে সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে।"

অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন আরও বলেন, "আমরা কি ইন্নালিল্লাহ নাউজুবিল্লাহ বলতাম? আমরাও মুসলমান, আমরাও আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতাম। বিএনপি'র বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনারা কেউ পার পাবেন না।"

অনুষ্ঠানে বক্তারা বিএনপির ৩১ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।