“ভারতকে কেবল ভারতই হারাতে পারে – হরভজন সিং”
এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে ভারত। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। অনেক আলোচনা হলেও শেষ পর্যন্ত মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ফলে ম্যাচ নিয়ে শুরু হয়েছে আলোচনা, কথার লড়াই।
ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করে। তবে সাম্প্রতিক সময়ে অনেকটাই অপ্রতিরোধ্য ভারত। রোহিত-কোহলিরা অবসর নিলেও ভারত নিজেদের গুছিয়ে নিয়েছে। দারুণ ফর্মের পাশাপাশি দলের ক্রিকেটারদের মধ্যে রয়েছে স্কোয়াডে জায়গা পাকা করার তাড়না। পাকিস্তান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ জিতলেও ভারতকে অপ্রতিরোধ্য মনে করেন দেশটির সাবেক তারকা হরভজন সিং।
ভারতীয় সংবাদমাধ্যম 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া'কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ' যদি কোনো দল ভারতকে হারাতে পারে, তবে সেটা হলো ভারতীয় দল। ভারতীয় দল এতটাই শক্তিশালী। আমরা যেভাবে নিজেদের নাম তৈরি করেছি, তাতে আমাদের ক্রিকেট ভিন্ন স্তরে চলে গেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা চলে গেলেও দল সম্পূর্ণরূপে প্রস্তুত।'
সাম্প্রতিক সময়ে সাবেক ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন হরভজন, শিখর ধাওয়ানসহ ভারতীয় ক্রিকেটাররা। গত এপ্রিলে কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে উভয় দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছিল।
প্রথম ম্যাচে ইউএইকে উড়িয়ে দিয়েছে ভারত
সে কথা স্মরণ করিয়ে হরভজন সিং বলেন, ' আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে খেলেছি। কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলিনি। প্রত্যেকেরই নিজস্ব চিন্তাভাবনা আছে। আমার মতে যতক্ষণ না দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত না হচ্ছে, ততক্ষণ ক্রিকেট-ব্যবসা কিছুই হওয়া উচিত না।'
এশিয়া কাপ নিয়ে সাবেক ক্রিকেটারদের মধ্যে ম্যাচ বয়কটের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে কি না, এ নিয়ে আলোচনা উঠেছিল। তবে ভারতীয় সরকারের অনুমোদন পাওয়ার পর ভারতীয় ক্রিকেট দল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেয়।
এ নিয়ে হরভজন বলেন, ' এটা কেবলই আমার ব্যক্তিগত ধারণা। সরকার যদি বলে যে ম্যাচটি হতে পারে, তাহলে তা হওয়া উচিত। কিন্তু তার আগে অবশ্যই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ভালো হওয়া উচিত।'
আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।



