বাট্টাজোড়ে বিএনপির কর্মী সমাবেশে প্রিন্সের ঘোষণা— “নির্যাতনেও থামেনি আমাদের আন্দোলন”

Oct 16, 2025 - 12:15
বাট্টাজোড়ে বিএনপির কর্মী সমাবেশে প্রিন্সের ঘোষণা— “নির্যাতনেও থামেনি আমাদের আন্দোলন”

মোহাম্মদ গোলাম মোস্তফা।।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রোহুল আমিন সরকার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আকতার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার, দপ্তর সম্পাদক অধ্যক্ষ বজলুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবীবসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। সমাবেশের পূর্বে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। প্রধান বক্তা জাহিদুল ইসলাম প্রিন্স তাঁর বক্তব্যে বলেন, “বকশীগঞ্জ উপজেলার মধ্যে বাট্টাজোড় ইউনিয়ন অন্যতম রাজনৈতিকভাবে সচেতন এলাকা। যাদের হাত ধরে আমি রাজনীতিতে প্রবেশ করেছি, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত বিএনপি নেতা আব্দুল হালিম মণ্ডল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি আমাদের রাজনীতির অভিভাবক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজান তালুকদার বর্তমানে অসুস্থ, আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। বিগত সরকারের আমলে বাট্টাজোড় ইউনিয়নের নেতাকর্মীদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু আমাদের নেতৃবৃন্দ সেই নির্যাতনেও দমে যাননি। এখন আমাদের নেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাই ঘোষণা দিয়েছেন, বাট্টাজোড়–পলাশতলা–কুড়িবিল এলাকার জলাবদ্ধতা নিরসনে বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই ব্যবস্থা নেওয়া হবে।” সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব সরকার ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সমাবেশে এলাকার সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে কর্মী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।