বকশীগঞ্জে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

Oct 22, 2025 - 18:59
বকশীগঞ্জে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

 মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুরের বকশীগঞ্জে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল (Accelerated Education Model) বাস্তবায়নের লক্ষ্যে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আহম্মদ ওমর ফারুক।
এসময় ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক সহিদুল ইসলাম ইএমডিসি প্রকল্পের কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় আরও বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ, প্রধান শিক্ষক গোলাম আজম এবং পাড়া কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

অভিজ্ঞতা বিনিময় সভায় জানানো হয়, কোভিড-১৯ মহামারির সময় স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ব্র্যাক যুক্তরাজ্য সরকারের সহযোগিতায় ইএমডিসি প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের মাধ্যমে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য ১০ মাস মেয়াদি একসেলারেটেড এডুকেশন মডেল চালু করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৪ মাসের ‘ক্যাচ-আপ’ ব্রিজ কোর্স এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম।

বর্তমানে প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে। এখন পর্যন্ত ১,৯৫০টি ব্র্যাক স্কুলে প্রায় ৪৮,৭৫০ জন শিক্ষার্থী এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং ১,২০০টি স্কুলে আরও ৩০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের মেয়াদ শেষে ৫,৯০০টি স্কুলের মাধ্যমে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ শিক্ষার্থী এই মডেলে শিক্ষা লাভ করবে।