বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই —৪ জন আটক

Oct 9, 2025 - 08:12
বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী ছিনতাই —৪  জন আটক

 

 
জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক এসআইসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ হামলায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগরপাড়া এলাকায়।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ পৌর শহরের সওদাগরপাড়ার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এসময় লিটন মিয়াকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

কিন্তু পুলিশ যখন লিটনকে নিয়ে থানায় যাচ্ছিল, তখন তার পরিবারের সদস্যসহ কয়েকজন স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়।

হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”