বকশীগঞ্জে ন্যায্যমূল্যে সার-বীজ সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা

Aug 27, 2026 - 13:46
বকশীগঞ্জে ন্যায্যমূল্যে সার-বীজ সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা

জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা-উল-হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত আকবর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিল্লুর রহমান, সার ডিলার লিটন সাহা, পলক চন্দ্র সাহা, আলহাজ্ব দেলোয়ার হোসেন এবং প্রেস ক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার-বীজ বিক্রি কিংবা অবৈধভাবে মজুত করা যাবে না। কৃষকদের প্রয়োজনের সময় যাতে সহজে সার ও বীজ পাওয়া যায়, সেজন্য ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, সার ও বীজের বাজারে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় কিংবা কৃত্রিম সংকটের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় কৃষকদের স্বার্থ সুরক্ষা, সার ও বীজের সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা বজায় রাখা এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।