প্রধান উপদেষ্টার হাতে নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন হস্তান্তর
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হলো
নারী অধিকার ও উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদনটি তুলে দেন।
প্রতিবেদন হস্তান্তরের সময় কমিশনের প্রধান শিরিন পারভীন হকসহ উপস্থিত ছিলেন সদস্য মাহীন সুলতান, সারা হোসেন, ফৌজিয়া করিম ফিরোজ, কল্পনা আক্তার, ডা. হালিদা হানুম আক্তার, সুমাইয়া ইসলাম, নিরুপা দেওয়ান, ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।
নারী অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে নীতি সংস্কারের লক্ষ্যে সরকার ২০২৪ সালের নভেম্বরে ১০ সদস্যের এ কমিশন গঠন করে। কমিশনের নেতৃত্বে রয়েছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভীন হক।
কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিত্ব—গভর্নেন্স, আইন, শ্রম, স্বাস্থ্য ও মানবাধিকার বিষয়ে অভিজ্ঞ। এর মধ্যে রয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, গার্মেন্টস শ্রমিক নেতা কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার, নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, সাবেক এডিবি উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।



