পথ শিল্পাঙ্গনের গুণীজন সম্মাননায় আলোকিত শৈলকুপা – পাঁচ গুণী শিল্পী পেলেন বিশেষ স্বীকৃতি

Sep 19, 2025 - 18:28
Oct 18, 2025 - 15:41
পথ শিল্পাঙ্গনের গুণীজন সম্মাননায় আলোকিত শৈলকুপা – পাঁচ গুণী শিল্পী পেলেন বিশেষ স্বীকৃতি

নাজমুল এইচ খান শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বুধবার (১৯ সেপ্টেম্বর) পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়। দেশের সংস্কৃতিচর্চা ও শিল্পকর্মে অসামান্য অবদান রাখা স্থানীয় ৫ গুণী শিল্পীকে “পথ শিল্পাঙ্গন গুণীজন সম্মাননা” প্রদান করা হয়। শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড.গোলাম মোস্তফা মিলনায়তনে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে শিল্পী-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও অতিথি অভ্যর্থনার মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ‘পথ শিল্পাঙ্গন’-এর পক্ষ থেকে গুণীজনদের জীবন ও কর্মের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। ইউএনও স্নিগ্ধা দাস বলেন,

“যাঁরা শিল্প-সংস্কৃতির মাধ্যমে সমাজকে আলোকিত করছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ শিল্পীদের কাজকে আরও গতিশীল করবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
 বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ রেজা, 
আহ্বায়ক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, 
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, 
সদস্য সচিব,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,
মোঃ আব্দুল জলিল জোয়ার্দার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার(অঃ) বাংলাদেশ সেনাবাহিনী। 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি ননীগোপাল বিশ্বাস। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: আলমগীর অরণ্য। 

সম্মাননা প্রাপ্ত ৫ গুণী শিল্পী

  • ফিরোজ খান নুন – বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গুণী শিল্পী ও গীতিকার।
  • সুনীল জোয়ার্দার – দীর্ঘদিন ধরে সঙ্গীতচর্চায় নিবেদিত সংগীতশিল্পী ও প্রশিক্ষক।
  • তৌফিকুল ইসলাম মাসুদ – বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ও প্রশিক্ষক।
  • সৈয়দ হাবীবুর রহমান সুমন – যশোর-খুলনা অঞ্চলের খ্যাতিমান নৃত্যশিল্পী ও প্রশিক্ষক।
  • মনিরুজ্জামান পলাশ – বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উপস্থাপক, আবৃত্তিকার, চিত্রশিল্পী এবং জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের একাধিক গানের গীতিকার।

প্রতিটি গুণীজনের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় মিলনায়তনে করতালির ধ্বনি ও শুভেচ্ছার উচ্ছ্বাসে মুখরিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সংস্কৃতি একটি জাতির মেরুদণ্ড। গুণীজনদের সম্মাননা দেওয়া মানে আগামী প্রজন্মকে শিল্প-সংস্কৃতির প্রতি অনুপ্রাণিত করা।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা। শেষে ‘পথ শিল্পাঙ্গন’-এর শিল্পীদের পরিবেশনায় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশব্যাপী মেধাবী ও নিবেদিত শিল্পীদের খুঁজে বের করে স্বীকৃতি দেওয়া এবং স্থানীয় সংস্কৃতির বিকাশে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।”