দেশের ইতিহাসে সেরা হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা

Apr 19, 2025 - 16:10
May 24, 2025 - 15:37
দেশের ইতিহাসে সেরা হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে এএনএফআরইএল এর প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসে সর্বোচ্চ মানের ও গণতন্ত্রের মাইলফলক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফআরইএল)-এর একটি প্রতিনিধিদল। এসময় তিনি বলেন, "আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী যে, আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য ও মানসম্পন্ন নির্বাচন। এটি হবে গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"

প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচনের পরিবেশ যাতে সবার জন্য ন্যায্য ও অংশগ্রহণমূলক হয়, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। তিনি প্রত্যাশা করেন, অংশীদার সংস্থাগুলো স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনে সহায়তা করবে।

এএনএফআরইএল প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্ডু আবেরত্না, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। একইসঙ্গে, বাংলাদেশের অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে এএনএফআরইএল।