দেশজুড়ে বৃষ্টির আভাস

Apr 20, 2025 - 13:26
দেশজুড়ে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রোববার সকালেও মেঘলা আকাশ দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আরও দু-এক দিন এই ধারা অব্যাহত থাকবে। এ সময় প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে।

তবে তিনি জানান, এরপর বৃষ্টির প্রবণতা কিছুটা কমবে এবং তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে।

বৃষ্টির মধ্যে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে, ৮৯ মিলিমিটার। এছাড়া কক্সবাজারে ৩৮ মিলিমিটার এবং ভোলায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে, ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।