দেওয়ানগঞ্জে জামায়াত প্রার্থী নাজমুল হক সাঈদীর ব্যাপক গণসংযোগ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Sep 25, 2025 - 18:20
দেওয়ানগঞ্জে জামায়াত প্রার্থী নাজমুল হক সাঈদীর ব্যাপক গণসংযোগ ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন।

দিনব্যাপী গণসংযোগকালে তিনি আমখাওয়া বাজার, মাঝিপাড়া, গয়েরডোবা সহ বিভিন্ন স্থানে পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পথসভা ও সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, “দেশে ইসলামী আইন প্রতিষ্ঠা করতে হলে জামায়াতে ইসলামীর নেতৃত্বকে শক্তিশালী করতে হবে। তাই একটি বারের জন্য হলেও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করুন। আমরা জনগণকে ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ন্যায়ভিত্তিক শাসন উপহার দেবো, ইনশাআল্লাহ।”

গণসংযোগ শেষে তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত কর্মী ও সহযোগী সম্মেলন ’২৫-এ যোগ দেন। সম্মেলনে তিনি ফ্যাসিবাদবিরোধী বক্তব্য প্রদান করে বলেন, “ফ্যাসিস্ট শক্তিকে রুখে দিতে হলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।”

সম্মেলনের শেষে দেশ ও জাতির অগ্রগতি, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।