“চট্টগ্রামে র্যাবের অভিযানে ২০ কোটি টাকার জাল মুদ্রা উদ্ধার, অনলাইন ব্যবসায়ী আটক”
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব–৭ প্রায় ২০ কোটি টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করেছে। আটক করা হয়েছে অনলাইন ব্যবসায়ী তানজিবকে। চক্রটি দারাজের মাধ্যমে সারা দেশে জাল টাকা ও বিদেশি মুদ্রা ছড়িয়ে দিচ্ছিল বলে জানা গেছে।
চট্টগ্রামে জাল মুদ্রা তৈরির একটি বড় চক্রের সন্ধান পেয়েছে র্যাব–৭। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চান্দগাওয়ের বাকলিয়া এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ২০ কোটি টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় অনলাইন ব্যবসায়ী তানজিবকে আটক করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া জাল মুদ্রার মধ্যে রয়েছে বাংলাদেশি ৫০, ১০০, ৫০০ ও ১,০০০ টাকার নোট, পাশাপাশি ইউএস ডলার, ইউরো, রিয়াল এবং দিরহামের জাল সংস্করণও। এসব মুদ্রা চট্টগ্রামের আন্দরকিল্লাহ এলাকার কিছু প্রেসে ছাপানো হতো বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে জানা গেছে, জাল টাকাগুলো অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো—বিশেষ করে দারাজ প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। সম্প্রতি সিলেটে জাল বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনার সূত্র ধরেই র্যাব এই চক্রের অবস্থান চট্টগ্রামে শনাক্ত করে অভিযান পরিচালনা করে।
র্যাব–৭-এর অধিনায়ক জানান, এই সংঘবদ্ধ দলটি দীর্ঘদিন ধরে দেশে প্রচলিত মুদ্রার পাশাপাশি বিদেশি মুদ্রাও জাল করে বাজারে ছড়িয়ে আসছিল। ইতোমধ্যে চক্রটির আরও কয়েকজন সদস্যকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছবি - সংগৃহীত



